শিশুশ্রম বন্ধ করতে হলে—
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৩
শিশুশ্রম বন্ধ করতে হবে। এ কথাটি সুধীসমাজ বলে থাকেন। কিন্তু কীভাবে শিশুশ্রম বন্ধ করতে হবে তা কেউ বলেন না। প্রথমে দেখতে হবে শিশুরা কেন লেখাপড়া না করে কাজে লেগে যায়? প্রধান কারণ দারিদ্র্য। সংসারে অভাব থাকলে তখনই বাবা-মায়েরা শিশুদের বিভিন্ন কলকারখানাসহ বাসাবাড়িতে কাজে লাগিয়ে দেয়। শিশুদের যা আয় হয় তা দিয়ে তাদের নিজেদের এবং সংসারে আর্থিক সহায়তা হয়। তাই শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে প্রত্যেক গরিব পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। পরিবারের সক্ষম অভিভাবককে এমন কাজে লাগাতে হবে যেখান থেকে সে যা আয় করবে তা যেন তার পরিবারের ভরণপোষণসহ সংসারের সকল চাহিদা মেটে। আর যদি অভিভাবকের আয়ে সংসার না চলে তবে সরকার থেকে আর্থিক সহায়তা দিতে হবে। নিম্ন আয়ের সংসারগুলোতে জনসংখ্যা বেশি। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অন্যান্য ব্যবস্থার মধ্যে শিক্ষাকে প্রথম স্থান দিতে হবে। জনগণ যত শিক্ষিত হবে ততই বুঝতে পারবে আয়বিহীন সংসারে বেশি মানুষ কতটা বোঝা। আশা করি সরকার রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠনগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।
কবিতা চাকলাদার
সহকারী অধ্যাপক (অর্থনীতি)
লক্ষ্মীপুর সরকারী কলেজ, লক্ষ্মীপুর