পাকা সড়ক চাই

আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন ১২ নম্বর উজানচর পূর্ব ইউনিয়নের সেখেরকান্দী গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে একটি পাকা সড়ক বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে উজানচর ও ধারিয়ার চর হয়ে বাঞ্ছারামপুর উপজেলা সদরে গিয়েছে। কিন্তু পাকা সড়ক থেকে গ্রামের প্রায় মধ্য ভাগ দিয়ে একমাত্র কাঁচা সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৮ মিটার। এ সড়কটি গ্রামবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রায় ২০ বছর আগে সড়কটি হলেও আজ পর্যন্ত তা পাকা করার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সড়কের উভয় পাশে অনেক পরিবারের বসবাস এবং সড়কটির শেষ প্রান্তে রয়েছে একটি সরকারি পুকুর এবং বিশাল ঈদগা ময়দান। বর্ষাকালে এ রাস্তাটি কাদা-পানিতে এত খারাপ হয় যে পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়। মুমূর্ষু রোগী যথাসময়ে হাসপাতালে নেয়া যায় না। তাই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অগ্রাধিকারেরভিত্তিতে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। মোস্তাক আহাম্মদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া