আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না ইরান :ওবামা

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতির সঙ্গে করা চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর ফলে ইরানের পরমাণু অস্ত্রধর দেশ হওয়া থেকে বিরত থাকবে। এর মাধ্যমে তাদের পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ হলো। শনিবার ছয় জাতির সঙ্গে ইরানের এই চুক্তি স্বাক্ষরিত হয়। খবর এনডিটিভি’র। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এখন আর পরমাণু হুমকি হিসেবে চিহ্নিত হবে না। ওয়াশিংটনে সাংবাদিকদের ওবামা বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ অনেকটা কমে যাবে এখন। ইরানের প্রধানমন্ত্রী হাসান রোহানি বলেছেন, এই চুক্তি ইরানের পরমাণু ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে একটি অপ্রয়োজনীয় দুর্যোগ কাটানো সম্ভব হলো এবং উভয় পক্ষ একটি নতুন যুগে প্রবেশ করলাম। তবে ইসরাইল প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই চুক্তির সমালোচনা করে বলেন, এটা একটা ঐতিহাসিক ভুল। আন্তর্জাতিক সমপ্রদায় ইরানকে বেশি দিয়েছে। এর ফলে দেশটি পরমাণু ক্ষমতার অধিকারী হবে এবং ইসরাইলের জন্য হুমকি হবে।