গাজীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:২৯
জেলায় দুর্বৃত্তরা জয়নাল আবেদীন (২৫) নামে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর দীঘিরচালা এলাকা থেকে গতকাল রবিবার সকালে তার লাশ উদ্ধার করে জয়দেবপুর থানার পুলিশ। তিনি নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় নিটিং সুপারভাইজার হিসাবে কাজ করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক জয়নাল আবেদীন পাশের ইটাহাটা এলাকায় বশির আহমেদের বাড়িতে ভাড়া থেকে দিগন্ত সোয়েটার কারখানায় চাকরি করতেন। মোবাইলে গত শনিবার রাতে ফোন আসলে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উত্তরপাশে দীঘিরচালা এলাকার একটি ধান ক্ষেতে গতকাল সকালে অর্ধগলা কাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কুপিয়ে এবং গলা কেটে হত্যার পর তার লাশ ওই স্থানে ফেলে গেছে।