বিজিবির গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

চট্টগ্রামে জামায়াতের হরতালে বিজিবির গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে শিবির কর্মীরা। গতকাল রবিবার সকাল ৯টায় নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল দু’টি গাড়ির খুব কাছাকাছি বিস্ফোরিত হলেও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন-হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় শিবির কর্মীরা সকাল থেকে পিকেটিং করছিলেন। ৯টার দিকে বিজিবির একটি পিকআপ ভ্যান ওই এলাকা অতিক্রম করছিল। এসময় শিবির কর্মীরা গাড়ি লক্ষ্য করে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া কেটে যাওয়ার পর পিকআপটি স্থান ত্যাগ করে। এর আগে সকাল ৮টায় শিবির কর্মীরা নগরীর ষোলশহর এলাকায় ঝটিকা মিছিল বের করে। এসময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য দু’টি ককটেল বিস্ফোরণ করে ও দু’টি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়। হরতালের কারণে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তায় যানবাহন সংকট, বিভিন্নস্থানে পিকেটারদের বাধা এবং ককটেল বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে অনেকেই সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ছিল আরো বেশি। কয়েকবার যানবাহন পরিবর্তন করে পরীক্ষা কেন্দ্রে আসতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তারা। অনেকে আবার গাড়ি না পায়ে হেঁটেই কেন্দ্রে পৌঁছেছেন। উল্লেখ্য, সীতাকুণ্ডে দলীয় নেতা মুহাম্মদ আমিনুল ইসলাম ও মিরেরসরাইয়ে দলীয় কর্মী হাফেজ মুহাম্মদ জসিমউদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম জেলা ও মহানগরীতে গতকাল রবিবার পূর্ণদিবস হরতাল আহ্বান করে জামায়াত। পিএসসি পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখা হয়।