তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪০
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশন প্র্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার যে অপচেষ্টা চালাচ্ছে তা দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দেবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশের জনগণ তা প্রতিরোধ করতে বাধ্য হবে। একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা থেকে বিরত থাকতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরো বলেন, সরকার বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে একদলীয় বাকশালী শাসন কায়েমের জন্য একতরফা নির্বাচনের যে ষড়যন্ত্র করছে তার সাথে পূর্ণ সহযোগিতা করছে ‘সরকারের অনুগত ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন’। সরকার ও নির্বাচন কমিশন গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, জনগণের দাবি উপেক্ষা করে ও সংবিধানকে পদদলিত করে ‘নির্বাচনকালীন সরকারের’ নামে মহাজোট সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করে দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য নতুন চমক সৃষ্টি করেছে সরকার।