সারদা কেলেঙ্কারিতে মমতাকে জড়ালেন দলীয় এমপি কুনাল!
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪১
ভারতের পশ্চিবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক সময়ের ‘ডান হাত’ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস এমপি কুণাল ঘোষ গ্রেফতার হয়েও শান্তিতে থাকতে দিচ্ছেন না তার নেত্রীকে। তিনি মমতাকেও জড়িয়েছেন এই কেলেংকারিতে। প্রতারক কোম্পানি সারদা গ্রুপ গ্রাহকদের লগ্নিকৃত বিপুল অর্থ আত্মসাত্ করে চম্পট দিয়েছিল। এই কেলেংকারিতে ভারতের বেশ কয়েকজন বাঘা বাঘা রাজনীতিকের নাম জড়িয়ে গেছে। কুণাল ঘোষও দীর্ঘদিন ধরে সন্দেহের তালিকায়। অভিযোগ উঠেছে, সারদা কেলেঙ্কারি তাকে বিশাল অর্থের মালিক বানিয়েছে।
এই কেলেংকারিতে শনিবার রাতে তিনি গ্রেফতার হন। কিন্তু তিনি এতে আরো কয়েকজনকে টেনে এনেছেন, যার মধ্যে আছেন মমতা ব্যানার্জিও। সমপ্রতি সারদা কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ হলে মমতা ব্যানার্জি কুনালকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, সারদার ঘটনায় কুণালের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। কিন্তু গ্রেফতারের পর কুণাল ঘোষ নিজের ফেসবুক পেজে সারদা কান্ডে ‘তদন্তে এরা সহায়তা করতে পারেন’ দাবি করে দশজনের নাম উল্লেখ করেন। এদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মদন মিত্র, টুটু বসুর মত তৃণমূল নেতৃত্ব। পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তি ফেসবুকে কিভাবে পোস্ট দিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।