দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে :সিইসি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৪১
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নিয়ে দিনভর বৈঠক করেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ কমিশনারদের নিয়ে তিনদফা বৈঠকে বসেছেন। কমিশনাররা তফসিল ঘোষণার বিষয়টি সিইসির উপরই ছেড়ে দিয়েছেন।
গতকাল সন্ধ্যার পরে বৈঠক শেষে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে। সমঝোতা হোক এটা সকলেই চায়। সবদলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক এটাই দেশবাসীর প্রত্যাশা।
তফসিল ঘোষণায় সময় নিচ্ছেন কেন- এমন প্রশ্নের জবাবে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সিইসি বলেন, আপনারাই তো খবর দিয়েছেন যে, বড় দুই দলের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়েছে। কমিশনও চায় সমঝোতা হোক। সারাদেশের মানুষ সমঝোতা চায়। সুতরাং সমঝোতার জন্য কি সময় দেয়া উচিত নয়?
সমঝোতার জন্য কমিশন কতদিন অপেক্ষা করবে-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা কমিশনকে বিবেচনায় নিতে হবে। আর পর্যাপ্ত সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে।
এদিকে তফসিল ঘোষণার লক্ষ্যে গতকাল সকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক আইন মন্ত্রণালয়ে গিয়ে আচরণবিধি চূড়ান্ত করেন। গতকাল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা (সংশোধন), ২০১৩।’ এরপর কমিশনার প্রথম দফা সিইসির সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু তফসিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেননি। বিকালের দিকে সিইসির সঙ্গে বাকি চার কমিশনার বৈঠকে বসায় অনেকেই মনে করেন, এ বৈঠকে তফসিল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হবে।
কিন্তু বৈঠক শেষে নির্বাচন কমিশনাররা জানিয়েছেন, তফসিল ঘোষণার ব্যাপারে তারা কিছুই জানেন না। এরপর সার্বিক বিষষ নিয়ে ইসি সচিবালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সন্ধ্যায় আরেকদফা বৈঠকে বসেন সিইসি।
ইসির সংশ্লিষ্ট একটি সূত্র ইত্তেফাককে জানান, তফসিলের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে তফসিল ঘোষণার প্রাক্কালে জাতির উদ্দেশে দেয়ার জন্য যে ভাষণ প্রস্তুত করা হয়েছে তাতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। ভাষণ চূড়ান্ত হয়ে গেলে সোমবার তফসিল ঘোষণা হতে পারে।
ভাষণে ইসির নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি রাজনৈতিক সংকট কাটাতে সকল দলের পক্ষে উদ্যোগ গ্রহণেরও আহবান জানান হবে।
নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।