সালাহউদ্দিন কাদেরের আইনজীবী ফখরুল চারদিনের রিমাণ্ডে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দেন। গত ২০ নভেম্বর সেগুনবাগিচার চেম্বার থেকে গ্রেফতার করা হয় ফখরুল ইসলামকে। রায় ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় ফখরুলকে গ্রেফতার দেখিয়ে গত ২১ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিল হোসেন। রায় ফাঁস সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। ওইদিন রিমান্ড আবেদনের শুনানির সময় মামলার সিডি না থাকায় শুনানির জন্য গতকাল ধার্য করা হয়। আদালতের অনুুমতি সাপেক্ষে আসামি ফখরুল নিজে ও তার পক্ষে ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান প্রমুখ রিমান্ড বাতিল পূর্বক জামিন চেয়ে শুনানি করেন।