গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

জেলায় স্ত্রী হত্যায় স্বামী মো. জাহাঙ্গীর হোসেনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ফাতেমা নজীব গতকাল রবিবার এ আদেশ দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সোলায়মান স্বপন ও মো. দেলায়ার হোসেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মো. ফজলুর কাদের বলেন, জেলার কাপাসিয়া উপজেলার বরদিয়া এলাকার জাহাঙ্গীর হোসেন ২০১১ সালের ৬ আগস্ট যৌতুকের দাবিতে তার স্ত্রী নাছিমাকে (২২) গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৭ আগস্ট নাছিমার বাবা ইমান আলী বাদি হয়ে মামলা করেন। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জাহাঙ্গীরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া এ মামলার অন্য আসামি শাশুড়ি শিউলী বেগমকে বেকসুর খালাসের আদেশ দেয়।