এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও ইংরেজি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:০৬
মোহাম্মদ আক্তার উজ-জামান
প্রভাষক, উদ্ভিদবিদ্যা
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
অধ্যায়-১ : উদ্ভিদের বিভিন্নতা
পরিচ্ছেদ-৭ : গোত্রের বৈশিষ্ট্যের বিভিন্নতা
শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
ব্যবহারিক ক্লাসে স্বপ্না একটি ফুল পর্যবেক্ষণ করল যা ট্রাইমেরাস ও পুষ্পপুট দলসদৃশ। অন্যদিকে অর্পা আর একটি ফুল পর্যবেক্ষণ করল যার বৃত্যাংশ চারটি এবং পাপড়ি ক্রুসিফরম।
প্রশ্ন: ক. পক্ষল যৌগিক পত্র কাকে বলে?
প্রশ্ন: খ. পুষ্প প্রতীক বলতে কী বুঝায়?
প্রশ্ন: গ. অর্পার পর্যবেক্ষণকৃত ফুলের গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।
প্রশ্ন:ঘ.স্বপ্না ও অর্পার পর্যবেক্ষণকৃত ফুল দু’টির গোত্র অর্থনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: ক. পত্রকগুলো র্যাকিয়ের দুই পাশে সংযুক্ত হলে তাকে পক্ষল যৌগিক পত্র বলে।
উত্তর: খ. যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ,পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্পপ্রতীক বলে। পুষ্পপ্রতীক মোটামুটিভাবে বৃত্তাকারে দেখানো হয়। বৃত্তের বাইরের স্তবকে বৃত্যাংশ ও এর পুষ্পপত্রবিন্যাস দেখানো হয়। দ্বিতীয় স্তবকে পাপড়ি ও এর পুষ্পপত্রবিন্যাস দেখানো হয়। তৃতীয় স্তবকে পুংকেশর, এর সংখ্যা, সম বা অসমসংযুক্তি দেখানো হয় এবং মধ্যখানে গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ তথা অমরাবিন্যাস দেখানো হয়।
উত্তর: গ. অর্পার পর্যবেক্ষণকৃত ফুলটি Cruciferae গোত্রের। নিম্নে Cruciferae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য দেয়া হলো:
১. কচি অবস্থায় উদ্ভিদ কিছুটা ঝাঁঝালো গন্ধযুক্ত।
২. পাতা সাধারণত লাইরেট (বীনার মতো), শিরাবিন্যাস জালিকাকার। ৩. বৃত্যাংশ ৪টি, দুই আবর্তে সজ্জিত।
৪. পাপড়ি ৪টি, ক্রুসিফরম, মুক্ত এবং প্রতিটি দলদণ্ড ও দলখণ্ডে বিভক্ত। ৫. পুংকেশর ৬টি (৪+২), টেট্রাডিনেমাস।
৬. অমরাবিন্যাস বহুপ্রান্তীয়। ৭. ফল সিলিকুয়া।
চিত্র:- Cruciferae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য
উত্তর: ঘ. স্বপ্নার পর্যবেক্ষণকৃত ফুলটি Liliaceae গোত্রের এবং অর্পার পর্যবেক্ষণকৃত ফুলটি Cruciferae গোত্রের অন্তর্ভুক্ত।
Liliaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব:
১. খাদ্য ও মসলা: পিঁয়াজ, রসুন ইত্যাদি সবজি ও মসলা হিসেবে ব্যবহূত হয়।
২. তন্তু ঃ Yacca gloriosa-এর পাতা থেকে তন্তু পাওয়া যায়।
৩. হরমোনঃ Colehicum থেকে কলচিসিন নামক একপ্রকার হরমোন পাওয়া যায়।
৪. ওষুধঃ ঘৃতকুমারি, পিঁয়াজ, রসুন, উলটচন্ডাল, জংলী পিঁয়াজ ইত্যাদি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহূত হয়।
৫. শোভাবৃত্তিঃ লিলি, টিউলিপ, গুলনার্গিস ইত্যাদি শোভা বর্ধনের জন্য বাগানে লাগানো হয়।
Cruciferae গোত্রের অর্থনৈতিক গুরুত্বঃ
১. সবজিঃ মূলা, শালগম, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি হিসেবে ব্যবহূত হয়।
২. তেলঃ সরিষার বীজ হতে ভোজ্যতেল পাওয়া যায়।
৩. পশুখাদ্যঃ সরিষার বীজ হতে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত খৈল গবাদিপশুর উত্তম খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয়, স্বপ্নার পর্যবেক্ষণকৃত Liliaceae গোত্র এবং অর্পার পর্যবেক্ষণকৃত Cruciferae গোত্র অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।