প্রাইমসেন্সকে কিনে নিল অ্যাপল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২০:০২
থ্রিডি টেকনোলজি নিয়ে এখন কাজ করছে অনেক প্রতিষ্ঠানই। বড় বড় টেক জায়ান্টরাও থ্রিডি নিয়ে কাজ করে যাচ্ছে। অ্যাপলও আগ্রহী হয়ে উঠেছে থ্রিডি নিয়ে। আর থ্রিডি নিয়ে কাজ করতে গিয়েই এবারে তারা কিনে নিয়েছে থ্রিডি মোশন ডিটেকশন প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রাইমসেন্সকে। এর আগে প্রাইমসেন্স মাইক্রোসফটের কাইনেক্ট সেন্সরের জন্য জেশ্চার কন্ট্রোল ফিচার তৈরি করে। মোবাইলেও থ্রিডি মোশন নিয়ন্ত্রণের প্রযুক্তি আনতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই প্রতিষ্ঠানটির। ভবিষ্যতে অ্যাপল টিভির জন্য থ্রিডি মোশন সেন্সরের উন্নয়নের কারণেই প্রাইমসেন্সকে অ্যাপল কিনে নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। উভয় প্রতিষ্ঠানই এই বিকিকিনির খবর স্বীকার করে নিয়েছে। তবে প্রাইমসেন্সকে কিনতে অ্যাপল’র কত টাকা খরচ করতে হয়েছে, সে সম্পর্কে তথ্য জানায়নি কোনো প্রতিষ্ঠানই। একে কিনে নেওয়ার উদ্দেশ্যও পরিস্কার করেনি অ্যাপল। অ্যাপল’র এক মুখপাত্র কেবল জানিয়েছেন, ‘বিভিন্ন সময়ে অ্যাপল ছোটখাট অনেক প্রতিষ্ঠানকেই কিনে নিয়েছে। তবে এর উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে আমরা সাধারণতই কিছু জানাই না।’