চাঁদপুরে আলু বীজের তীব্র সংকট

চাঁদপুরে ভালো আলু বীজ সংকটে কৃষকগণ দিশেহারা হয়ে পড়েছেন, ফায়দা লুটছে ডিলাররা। জেলায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। চাঁদপুর জেলায় এবার মৌসুমের শুরুতেই আলু বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। হল্যান্ড থেকে আমদানি করা এক বাক্স ‘‘ডায়মন্ড’’ আলু বর্তমানে ১০ থেকে ১১ হাজার টাকা ব্যয়ে কৃষকদের ক্রয় করতে হচ্ছে। অথচ গত বছর এই ডায়মন্ড আলু বাক্স প্রতি ২৮শ’ থেকে ৩ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। আলু বীজ সংকটে বহু কৃষক জমিতে হাল চাষ দিয়ে প্রস্তুত করে রাখা সত্ত্বেও আলু বীজ বপন করতে পারছে না। ফলে বহু প্রস্তুত জমি অনাবাদী পড়ে আছে। আবার বহু কৃষক বাধ্য হয়েই নিজেদের চাষ করা গত বছরের সংরক্ষিত আলু থেকে বীজ সংগ্রহ করে তা রোপণ করছে। চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর, কেতুয়া, আলীমুড়া, শাহমাহমুদপুর, বাকিলা, ইব্রাহিমপুর, ঘোষেরহাট, আশিকাটি, বাবুরহাট, মৈশাদী, তরপুরচন্ডি ইত্যাদি এলাকায় ঘুরে দেখা যায় আলু চাষে কৃষকদের জমি প্রস্তুত কিন্তু বীজের অভাবে তারা চাষ করতে পারছে না। এদিকে বীজ দালাল মফিজ মেম্বার ও জনৈক বীজ ডিলার আব্দুস সাত্তারের সাথে আলাপকালে তারা বলেন, এবার হলান্ডেই আলু কম উত্পাদন হয়েছে। তাই বাংলাদেশের সর্বত্র আলু বীজ সংকট দেখা দিয়েছে। চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: ফয়েজ উদ্দিন জানান, চলতি মৌসুমে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১১৭ হেক্টর এবং উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২শ’ ৯ মেট্রিকটন। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিএডিসির নিকট আলু বীজ চাওয়া হয়েছে ৩ হাজার ২শ’ ৯৫ মেট্রিকটন।