গৌরীপুরে যৌতুকের বলি গৃহবধূ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৩১
যৌতুকের কারণে স্বামীর হাতে খুন হয়েছেন গৌরীপুরের গৃহবধূ ফুলবানু (২৫)। শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া খালপাড় এলাকার একটি বাসায় তাকে খুন করে নিহতের লাশ গুম করা হয়। রবিবার কোতয়ালি থানা পুলিশ আকুয়া ইউনিয়নের মড়লবাড়ি এলাকার একটি বাড়ির সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
গত ১০ বছর আগে গৌরীপুর শহরের বালুয়াপাড়া এলাকার মৃত ইনসান আলীর মেয়ে ফুলবানু ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার আব্দুল লতিফ মহরীর ছেলে ইমরানের সাথে বিয়ে হয়। এটি ছিল ইমরানের দ্বিতীয় বিয়ে। ইমরানের পিতামাতার অসম্মতিতে এই বিয়ে করেন তিনি। তাদের দাম্পত্য জীবনে ২টি কন্যা সন্তান রয়েছে। সতীনের সংসারে বনিবনা না হওয়ার ইমরান তাকে নিয়ে আলাদা ভাড়াটিয়া বাসায় সংসার করে আসছিল।
ফুলবানুর ভাই একজন মেক্সি চালক। এদিকে নিহত ফুলবানুর শ্বশুর আব্দুল লতিফ মহরি ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। চরপাড়া এলাকায় রয়েছে তার ৫তলা বাড়ি। তার ভয়ে ইমরান কোনদিন তার স্ত্রীকে নিয়ে বাবার বাসায় যেতে পারেনি। রবিবার কোতয়ালি থানা পুলিশ একজনকে আটক করে। আটক সালমা বেগম ইমরানের প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি জানান, নিহতের ভাই আব্দুর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।