খেলছেন না মিখিতারিয়ান
স্পোর্টস ডেস্ক
নিরাপত্তার শঙ্কায় ২৯ মে’র ইউরোপা লিগ ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন আর্সেনাল মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় এই ফাইনালে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে তার আর্মেনীয় নাগরিকত্ব।
গেল শতাব্দীর শেষ দিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধের পর দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে যা এখনো পর্যন্ত উন্নতির পথে হাঁটেনি। ফলে আজারবাইজানের মাটিতে আর্মেনীয় জাতীয় দল অধিনায়কের খেলাকে নিরাপদ মনে করছে না আর্সেনাল কর্তৃপক্ষ ও মিখিতারিয়ান নিজেও।
সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তাকে ছাড়াই ফাইনালে খেলার কথা জানায় আর্সেনাল। উল্লেখ্য, দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে এর আগেও অনেক ম্যাচে খেলতে পারেননি মিখিতারিয়ান। এবার ফাইনালেও খেলতে অপারগ হবার ব্যাপারে আর্মেনীয় মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ‘সব ধরনের বিকল্প বিবেচনা করে আমরা এই কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি। দলের সঙ্গে ইউরোপা লিগের ফাইনালে যেতে পারছি না আমি। এমন সুযোগ বারবার আসে না। আমি স্বীকার করছি, ম্যাচে খেলতে না পারাটা বেশ পীড়াদায়ক।’