বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ভাণ্ডারিয়া বাজারে হক মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান সমপূর্ণ ও ৪টি আংশিক ও সুজানগরে ১২টি ঘর সম্পূর্ণ এবং মাদারীপুরে একটি লেপ-তোষকের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভাণ্ডারিয়া (পিরোজপুর) ভাণ্ডারিয়া বাজারের হক মার্কেটে গতকাল সোমবার ভোর রাতে অগ্নিকাণ্ডে শাড়ি-কাপড়, গার্মেন্টস ও টেইলার্সের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং চারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে: তালুকদার শাড়িঘর, রনি টেইলার্স, মানিক তালুকদারের কসমেটিক্স দোকান, আহম্মেদ গার্মেন্টস, কানাই গার্মেন্টস, মালেক গার্মেন্টস ও কাজী গার্মেন্টস সমপূর্ণ পুড়ে গেছে এবং জনতা, সামিয়া ও সাগর গার্মেন্টস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তালুকদার শাড়িঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে চারটায় বাজারের পাহারাদার হক মার্কেটে আগুন দেখতে পেয়ে চিত্কার দিলে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও জনসাধারণ মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভাণ্ডারিয়া দমকল বাহিনী ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভাণ্ডারিয়া দমকল বাহিনী জানান, শর্ট সার্কিটের মাধ্যমে তালুকদার শাড়িঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি সদস্য জালালউদ্দিন সিকদার, ভাণ্ডারিয়া বাজার ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম জোমাদ্দার গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সুজানগর (পাবনা) পাবনার সুজানগরের কালিকাপুর গ্রামে গত রবিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধে ৩টি ছাগল মারা গেছে এবং একজন আহত হন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। জানা যায়, ইসলাম প্রামাণিকের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১২টি টিনের ঘর, ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ইসলামকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ হাজার টাকা এবং ৩০ কেজি চাল বিতরণ করেন। মাদারীপুর জেলা সদরের পুরান বাজারে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে হযরত শাহ মাদার বডিং ও স্টোর নামে একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।