দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিকদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৬
পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা। সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেছে খনির ২৭৮ জন শ্রমিক। সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় খনির পাথর উত্তোলন বন্ধ রয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী র্িলমিটেড শ্রমিক ইউনিয়নের ডাকে এই কর্মবিরতি চলছে।
খনির আন্দোলনরত শ্রমিকরা জানান, পাঁচ দফা আদায়ে খনির শ্রমিকরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিল। রবিবার তারা এই দাবি আদায়ে খনি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এরপরও তাদের দাবি না মানায় গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
শ্রমিকদের ৫-দফা দাবির মধ্যে রয়েছে-ছাঁটাইকৃত সকল শ্রমিককে পুনর্বহাল, বকেয়াসহ ২০ শতাংশ মহার্ঘভাতা প্রদান, ডিপ্লোমা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া শুরু, দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগ ও অন্যায়ভাবে কোন শ্রমিককে ছাঁটাই চলবে না।
শ্রমিকদের কর্মবিরতির ফলে মধ্যপাড়া কঠিন শিলা খনি অচল হয়ে পড়েছে।