চোর ধরা ফাঁদে স্ত্রীর পর স্বামীর প্রাণ গেল
বরগুনা ( উত্তর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৮
বরগুনার পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা গ্রামে চোর ধরার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে স্ত্রীর মৃত্যুর তিন দিন পর স্বামী হাবিবুর রহমানও মারা গেলেন। শনিবার গভীর রাতে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে স্ত্রী মুক্তা আক্তার মারা যান। তাদের আট ও দু’বছরের দুটো কন্যাসন্তান রয়েছে।
পাথরঘাটা থানার ওসি মো. নূরুল হক বলেন, লাঠিমারা গ্রামের আবদুল করিম হাওলাদার মাছ চোর ধরার জন্য তার বাড়ির পুকুরের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুত্ সংযোগ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবের স্ত্রী মুক্তা হাত-পা ধোয়ার জন্য পুকুরে গিয়ে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মারা যান। ঘন্টা খানেক পর মুক্তাকে তার স্বামী হাবিব খুঁজতে এসে পুকুরে লাশ ভাসতে দেখে তাত্ক্ষণিক উদ্ধারের চেষ্টা চালান। এ সময় হাবিবও বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।