পারমাণবিক চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে জেনেভায় চারদিনের নিবিড় আলোচনার পর শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছায় দু’পক্ষ। রবিবার চুক্তি সম্পন্ন হওয়ায় একে স্বাগত জানিয়েছে ইরান। এদিকে এ চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে অভিহিত করেছে ইসরাইল। এ চুক্তির ফলে সোমবার বাজারে তেলের দাম পড়ে যায়। এর আগে চুক্তির আওতায় ইরান ৭শ’ কোটি ডলারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি কিছুটা কমাতে রাজি হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কিছু কাজ বন্ধ রাখাসহ পারমাণবিক স্থাপনাগুলোতে অস্ত্র পরিদর্শকদেরকে আরো বেশি প্রবেশাধিকার দিতেও সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। কিন্তু এ চুক্তির পরও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অক্ষুণ্ন আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে দেশবাসীর উদ্দেশে এক সমপ্রচারে তিনি বরাবরের মতো এবারও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচির পথে পা বাড়াবে না।“ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামগ্রিক একটি সমাধানে পৌঁছার পথ সুগম করল এ চুক্তি”, বলেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি প্রথম পদক্ষেপ মাত্র। আমাদেরকে এখন আস্থা ফিরে পাওয়ার পথে হাঁটতে হবে”। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন চুক্তির প্রশংসায় বলেছেন, এতে করে ইসরাইল এবং মধ্যপ্রাচ্য নিরাপদ জায়গা হয়ে উঠবে। চীন, রাশিয়া এবং জার্মানিও চুক্তির প্রশংসা করেছে। একইসঙ্গে এ চুক্তির প্রশংসা করেছে সিরিয়াও। এর মধ্যদিয়ে ইরানি কূটনীতির বিজয় হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন রবিবার চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় কার্যকরী হবে বলে মন্তব্য করেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্তারভেলে চুক্তিকে স্বাগত জানিয়ে একে এক ‘নতুন মোড়’ বলে উল্লেখ করেছেন। এর মধ্যদিয়ে সব পক্ষ লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলোচনায় অংশ নেয়া ব্রিটেন ও ফ্রান্সও চুক্তির প্রশংসা করেছে। কেবলমাত্র ইসরাইল চুক্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর মধ্যদিয়ে ইরান পরমাণু কর্মসূচির জরুরি কাজগুলো অক্ষুণ্ন রেখে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে পেরেছে।