জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ চীনের

পূর্ব চীন সাগরে বেইজিং বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পরিপ্রেক্ষিতে জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। মার্কিন ও জাপানি দূতাবাসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে। চীন বলেছে, তাদের কাণ্ডজ্ঞানহীন কোনো মন্তব্য করার অধিকার নেই। যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চীনকে সতর্কতা অবলম্বন করা এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন। প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবাধে বৈদেশিক বিমান চলাচল করতে দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। কেরি এক বিবৃতিতে চীনকে হুমকি-ধামকি দিয়ে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। ওদিকে জাপান ও চীনা দূতাবাসের মাধ্যমে বেইজিং-এর উদ্যোগকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করে। পূর্ব চীন সাগরে বেইজিংয়ের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে জাপান নিয়ন্ত্রিত দ্বীপকে অন্তর্ভুক্ত করায় আকাশসীমায় অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে জাপান।