ভেনিজুয়েলায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

ভেনিজুয়েলায় মাদুরোর বিশেষ ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস শনিবার তাদের উদ্দেশে মাদুরোর বিশেষ জরুরি ক্ষমতার বিরুদ্ধে জনগণের বিরোধিতাকে গুরুত্ববহ করতে মধ্যবর্তী নির্বাচনকে ব্যবহারের আহ্বান জানান। আগামী ৮ ডিসেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিষদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেয়। এর ফলে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই যে কোন আইন প্রণয়নসহ তা সংশোধন করতে পারবেন। তবে আগামী এক বছরের জন্য তাকে এ ক্ষমতা দেয়া হয়েছে। বিরোধী নেতা ক্যাপ্রিলেস বলেন, এ নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয়ী হলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। তিনি আরো বলেন, মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্যই মাদুরোকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। এদিকে মাদুরো বলছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের জন্যই জাতীয় পরিষদ তাকে এ ক্ষমতা দিয়েছে। ভেনিজুয়েলার নেতা হুগো শ্যাভেজের মৃত্যুর পর চলতি বছর নির্বাচনে মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হন।