জেপি’র মনোনয়ন ফরম বিক্রি শুরু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০১
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি-জেপি। সোমবার সকালে রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে দুটি আসনের জন্য ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। তিনি ঝালকাঠি-১ এবং পিরোজপুর-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রথমদিনে ৭১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। বিতরণের এই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
দলীয় মনোনয়ন ফরম বিতরণ উপলক্ষে জেপি নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। গতকাল যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ঢাকা-১৬ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, ঢাকা-১৭ আসনে কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, টাঙ্গাইল-৫ আসনে দলের অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, টাঙ্গাইল-১ আসনে প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, বরিশাল-৪ আসনে ভাইস চেয়ারম্যান শেখ মো. জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ-৩ আসনে নাজমুন্নাহার বেবী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আলহাজ্ব জামিলুল হক বকুল, ঢাকা-১৪ আসনে যুগ্ম মহাসচিব এম. এ কাইয়ুম, সিলেট-১ আসনে ইফতেখার আহমেদ লিমন, গাইবান্ধা-৩ আসনে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলে করিম পল্লব, পিরোজপুর-১ আসনে বরিশাল বিভাগীয় সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনে শ্রম ও শিল্প সম্পাদক রুহুল আমিন, ফেনী-১ আসনে মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আরজু, ঝালকাঠি-১ আসনে শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল ইসলাম রুবেল, গাইবান্ধা-১ আসনে যুগ্ম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক রিজিয়া বেগম প্রামাণিক, বগুড়া-৭ আসনে জেলা আহ্বায়ক আব্দুল মজিদ সরকার, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশুগঞ্জ উপজেলা সভাপতি হাজী মো. সামাদ আলী, ঢাকা-৫ আসনে দলের কেন্দ্রীয় সদস্য মনির হোসেন কমল প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ করতে ইচ্ছুকদের ৩০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম. সালাহ্ উদ্দিন আহমেদ (মোবাইল: ০১৭১২০২৫১৩৭) এবং যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী (মোবাইল: ০১৭১৬৪৯৯৮৪৬) এর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম। প্রসঙ্গত, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জুকে
জেপির ফুলেল শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১টায় জেপি’র লালমাটিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন ঢাকা মহানগরীর আহ্বায়ক আব্দুর রহিম, প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু ও এজাজ আহমেদ মুক্তা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান ও সদস্য সচিব আমিনুল ইসলাম তপন, জাতীয় যুব সংহতির পক্ষে সংগঠনের সভাপতি এম. এ কাইয়ুম, মহিলা পার্টির সভানেত্রী নাজমুন্নাহার বেবী ও সাধারণ সম্পাদক জাহানারা আরজু। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেপি চেয়ারম্যানের সফলতা কামনা করা হয়।
বিভিন্ন সংগঠনের অভিনন্দন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জুকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গতকাল বিবৃতি দিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর মধ্যে রয়েছে, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, পদ্মাসেতু সুবিধাভোগী পরিষদের আহ্বায়ক মাহাবুবুল আলম দুলাল ও সদস্য সচিব কামাল উদ্দিন।
সংবাদপত্র প্রতিনিধি সংস্থার
অভিনন্দন ও স্মারকলিপি
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হওয়ায় আনোয়ার হোসেন মঞ্জুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা। একইসঙ্গে সংগঠনটি সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপিও দিয়েছে। সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।