সমাপনীর প্রশ্ন ফাঁসে কঠোর ব্যবস্থা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সত্যতা স্বীকার করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তদন্ত কমিটি গঠন করে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, কোথায়, কারা, কীভাবে প্রশ্নপত্র প্রকাশ করেছে তা ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।