সংলাপ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে চলমান সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের এক পর্যায়ে তিনি এই নির্দেশ দেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। বিএনপি মুখে যাই বলুক না কেন, আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। আগামী নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করে সেজন্য সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়ে বলেন, জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আর এ জন্য সব কিছুই করতে হবে। যাতে দেশে কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার প্রধানের পদ থেকে আমাকে বাদ দেয়ার জন্য বিএনপি দাবি তুলেছে; কিন্তু এই সরকারের প্রধান হিসেবে বিএনপি যাকে প্রস্তাব করবে তাকে তো আমরা মেনে না নিতেও পারি। সেক্ষেত্রে সমঝোতা হবে কিভাবে? তাই নতুন ব্যবস্থা চালু হয়েছে এবং এ ব্যবস্থাই সমঝোতার একমাত্র পথ। এ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল ‘হাসিনামুক্ত বাংলাদেশ’ কায়েমের কথা বলছে; কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে না নিয়ে যান তাহলে বিরোধী দলের স্বপ্ন কি করে বাস্তবায়ন হবে? আবেগ-আপ্লুত প্রধানমন্ত্রী আরো বলেন, জীবনের ঝুঁকির মধ্যেই আমি সময় পার করছি। কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে মুফতি হান্নান আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার ওপর গ্রেনেড হামলা চালিয়েও জীবননাশের অপচেষ্টা চালানো হয়। এমনকি জাতীয় পার্টির শাসনামলে আমাকে হত্যার জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে গুলি চালানো হয়। সব সময়ই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি রক্ষা পেয়েছি। আল্লাহর ওপর ভরসা করেই আমি অগ্রসর হচ্ছি।