সাভারে দুইটি কারখানায় আগুন :তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত ২০
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০২
সাভারের আশুলিয়ার জিরাবো বটতলা এলাকায় আমান স্পিনিং মিলস্ লিঃ ও একই এলাকার মন্ডল গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর কারখানা থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে পোশাক কারখানার কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টার পর আমান স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গতকাল সোমবার বিকাল সোয়া ৪টার দিকে স্পিনিং মিলের টিনসেড গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানাটিতে। আগুন লাগার পর কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বের হয়ে আসে।
এ ঘটনার কিছুক্ষণ পর পোশাক কারখানায় আগুন লাগে। ছয়তলা বিশিষ্ট কারখানাটির নীচতলায় স্টোররুমে আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে আশুলিয়ার ডিইপিজেড, ধামরাই, কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে মন্ডল গ্রুপের পেশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ব্যাপরে আমান স্পিনিং মিলের সহকারী ব্যবস্থাপক (বিপণন) উত্তম জানান, প্রাথমিক ভাবে আগুনের সূত্রেপাতের কারণ জানা যায়নি। ওই তুলার গোডাউনে দুই হাজার টনের বেশি তুলা মজুদ ছিল বলে তিনি জানান।
শিল্প পুলিশ-১-এর ডিএডি আব্দুস সাত্তার জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডিইপিজেড দমকল বাহিনীর স্টেশন অফিসার সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।