খুলনা আইনজীবী সমিতি

রনি সভাপতি, মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। এই প্যানেলের প্রার্থীরা সভাপতি- সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র ৩টি পদ পেয়েছে। এ নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে শেখ মাসুদ হোসেন রনি ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কাজী আবু শাহিন পেয়েছেন ৪৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. আইউব আলী শেখ পেয়েছেন ৪৬৯ ভোট। এবারের নির্বাচনে ১৪টি পদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪ টি পদে সর্বমোট ১ হাজার ১শ’ ৪৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৯টি ভোট পড়ে।