খুলনা বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

উত্সবমুখর পরিবেশে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নগরীর শিববাড়ী মোড় থেকে রয়্যাল চত্বর মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক এবং বিভাগীয় প্রধানসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। এছাড়া সকাল ১০টায় খুবির শহীদ মিনার চত্বরে দিনব্যাপী রক্ত গ্রুপিং কর্মসূচি এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকালে শহীদ মিনার চত্বরে ছাত্র বিষয়ক পরিচালকের দফতরের ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় শহীদ মিনার, অদম্য বাংলা ও কটকা স্মৃতি সৌধে প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে রাতে আলোকসজ্জা করা হয়। এছাড়া এ উপলক্ষে হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ নভেম্বর তত্কালীন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।