যুক্তরাষ্ট্রে পাঁচ প্রদেশে শক্তিশালী ঝড়ে নিহত ১৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঁচটি রাজ্যে শীতকালীন ব্যাপক ঝড়ের প্রভাবে সৃষ্ট শিলাবৃষ্টি ও তুষারপাতে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। অপরদিকে, এএফপি’র খবরে বলা হয়, আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং হলিডে’র প্রাক্কালে এধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও আকাশ পথে লাখ লাখ লোকের ভ্রমন বাধাগ্রস্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ঝড় কবলিত এ অঞ্চলের ভিডিও ফুটেজে বরফের স্তূপ জমে থাকতে দেখা যায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শীতকালীন এ ঝড়ের ফলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় আপালাচিয়ান পার্বত্য এলাকা ও নিউ ইংল্যান্ডে বুধবার নাগাদ ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, থ্যাঙ্কসগিভিং হলিডে উপলক্ষে এদিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী লোক ভ্রমন করে থাকে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা আরো জানান, এতে দেশের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত সড়ক ও আকাশ পথে যাতায়াত বাধাগ্রস্ত করতে পারে। এদিকে রাস্তার ওপর বরফ জমে থাকায় ও বন্যার কারণে ওকলাহোমা, টেঙ্াস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও অ্যারিজোনায় ইতিমধ্যে মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলেছে।