তফসিল ঘোষণার পর সংলাপ বেশি জরুরি :মজীনা

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সংলাপের গুরুত্বকে আরো বাড়িয়েছে। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের অপরিহার্যতাকে আরো ত্বরান্বিত করে তুলেছে। গতকাল সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত একথা বলেন। তিনি আরো বলেন, তফসিল ঘোষণা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ সুগম করতে প্রধান দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপের প্রয়োজনীয়তাকে ত্বরান্বিত করবে। নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে গতকাল বিকালে পরিচিতিমূলক সাক্ষাত্ করেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে ড্যান মজীনা সাংবাদিকদের বলেন, বর্তমান অবস্থায় মার্কিন সরকারের তিনটি নীতি ঘোষিত হয়েছে। সেগুলো হচ্ছে- যেকোন ধরনের সংঘাত সহিংসতা গ্রহণযোগ্য নয়। সবাইকে মত প্রকাশের ও সভা সমাবেশের সুযোগ দিতে হবে। আর অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সংলাপ করতে হবে প্রধান দলগুলোকে। রাষ্ট্রদূত জানান যে, তিনি নয়া পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ে অবহিত করেছেন।