তফসলিকে স্বাগত জানিয়ে

দেশ জুড়ে ১৪ দলের আনন্দ মিছিল

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও ১৪ দলীয় জোট। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন এ জোটের নেতৃবৃন্দ। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আর ক্ষমতার পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো পথে নয়। এদিকে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার রাতে রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য সংগঠন। রাজধানীর প্রধান সড়কের পাশাপাশি, অলি-গলি, পাড়া-মহল্লাসহ প্রায় শতাধিক স্থানে অনুষ্ঠিত আনন্দ মিছিলে জনতার ঢল নামে। তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট-মুক্তাঙ্গন-প্রেসক্লাব-তোপখানা রোড-পুরানা পল্টন-বায়তুল মোকাররম হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নগর নেতা সহিদুল ইসলাম মিলন, ডা. দিলীপ রায়, নাঈম নোমানসহ কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা নৌকা’ শ্লোগান পুরো এলাকা মুখর হয়ে ওঠে। জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আশা করেছিলাম ২৫ নভেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। প্রত্যাশিত সময়েই এই তফসিল ঘোষিত হয়েছে। আমি আশা করছি, নির্বাচনে সব দল অংশ নেবে। দেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনও হবে। তবে সব দলের অংশগ্রহণ ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন আশা করা যায় না। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে এলে ভাল করবে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সর্বদলীয় মন্ত্রিসভার ভূমি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু জানান, আমরা নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। আমরা আশা করি দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঘোষিত তফসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশবাসী নির্বাচনের জন্য উন্মুখ ছিল। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেননও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে। সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, এই তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দেশের জনগণের মধ্যে যে উদ্বেগ-উত্কণ্ঠা ও জল্পনা-কল্পনা ছিল তার অবসান ঘটলো। জাতীয় পার্টির (এ) মহাসচিব এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় পার্টি (এ) মনে করে আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সিইসির বক্তব্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে। সারাদেশে আনন্দ মিছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সারাদেশে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা তাত্ক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছে। জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা রাস্তায় নেমে আসে। আমাদের রংপুর প্রতিনিধি জানান, গতকাল সোমবার রাতে আনন্দ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে বিএনপি’র পক্ষ থেকে কোন বিক্ষোভ মিছিল বের করা হয়নি। রাত আটটার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোন নেতাকর্মী নেই। কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছিল। পিরোজপুর অফিস জানায়, নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পিরোজপুর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বানারীপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর শহরে আওয়ামী লীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। এর কিছুক্ষণ পর পৌর বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা দেখা যায়।