নিউজপ্রিন্টের আমদানি শুল্ক অর্ধেক কমেছে

সংবাদপত্র শিল্পে ব্যবহূত নিউজপ্রিন্টের আমদানি শুল্ক বিদ্যমান ১০ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ করবে। এনবিআরের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি অর্থ বছরের আগে সংবাদপত্রের কাগজ আমদানির শুল্ক ছিল ৩ শতাংশ। গত বাজেট প্রস্তাবে এটি ২৫ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তীতে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের দাবির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত বাজেটে এটি ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। বর্তমানে সব মিলিয়ে এই কাগজ আমদানির ক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হবে। এর মধ্যে ৫ শতাংশ শুল্ক ছাড়াও ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর (এআইটি) প্রযোজ্য হবে। গত ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে কর্মরত কর্মীদের জন্য ৮ম মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করে সরকার। এতে মজুরি ৭৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এটি বাস্তবায়ন করার জন্য নোয়াব আমদানি শুল্ক প্রত্যাহারসহ আরো কয়েকটি শর্ত দেয়। তাদের পক্ষ থেকে বলা হয়, অন্যথায় এ শিল্প সংকটের মুখে পড়বে।