মুক্তাগাছায় মাছ চাষে সাফল্য
মনোনেশ দাস, মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:২৮
মুক্তাগাছায় বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ এলাকায় কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে । প্রতিবছর স্থানীয় চাহিদা মিটিয়ে কমপক্ষে ১ হাজার টন মাছ উপজেলার বাইরে সরবরাহ করা হচ্ছে ।
জানা যায়, ১৯৮০’র দশক থেকে এ অঞ্চলে মাছ চাষের প্রসার ঘটে। রুই, কাতলা, মৃগেল, কাতল, মাগুর, পুঁটি, মহাশোল, সিলভারকাপ, কারফু, কই, পাংগাস, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি মাছ চাষ করে হাজার হাজার চাষী নিজেদের ভাগ্য ফিরিয়েছেন। অনেকেই আজ লাখপতি, এমনকি কোটিপতিও। উপজেলার দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাঁশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর ও খেরুয়াজানি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, হাজার হাজার একর জমি কেটে ছোট-বড় পুকুর নির্মাণ করা হয়েছে। শ্যালো মেশিনের সাহায্যে পানি উত্তোলনের মাধ্যমে চাষ করা হচ্ছে মাছ। সত্রাশিয়া, কালিবাড়ি, মানকোন এলাকায় গড়ে উঠেছে মাছের বিশাল আড়ত্ । এই আড়তে মাছ কিনছেন দেশি-বিদেশি ক্রেতা। মত্স্য চাষী হাবুল, আরব আলী, বায়েজিদ জানান, গত ১০ বছরে মাছের চাষ করে তারা আর্থিকভাবে অত্যন্ত লাভবান হয়েছেন। উপজেলা মত্স্য কর্মকর্তা জানান, সরকারিভাবে মত্স্য চাষীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।