দিনাজপুরের সরকারি পোলট্রি খামারের কার্যক্রম প্রায় বন্ধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৩০
পর্যাপ্ত জনবল বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও শুধু অর্থ বরাদ্দ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে দিনাজপুরে একমাত্র সরকারি হাঁস-মুরগীর খামারটির কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার যোগাড় হয়েছে ।
দিনাজপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত এই খামারটি ব্যবহার না হওয়ায় হাঁস-মুরগী পালনে ৭টি সেডসহ বিভিন্ন যন্ত্রপাতি ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। খামারের প্রায় ৯/১০ জন কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। এছাড়াও ভারতীয় মুরগী ও ডিমের আগ্রাসনে খামারটি স্থাপনের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। বাড়ছে মুরগী, ডিম ও বাচ্চা বাহিত নানান রোগ।
হাঁস-মুরগী পালন ও বর্ধনের জন্য ১৯৮২ সালে সাড়ে ৩ একর জমির উপর খামারটি নির্মাণ করে সরকার। বিশাল খামারটির বাত্সরিক হাঁস-মুরগী পালনের ক্ষমতা ৭২ হাজার হলেও সেখানে গিয়ে ৫ শত মুরগীর বাচ্চার দেখাও পাওয়া যায়নি। প্রশাসনিক অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কর্মহীন অবস্থায় দেখা গেছে।
প্রজেক্ট ম্যানেজার আজাদুর রহমান জানান, এই খামারটি সরাসরি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হওয়ায় আমাদের কিছু করার নেই। তিনি জানান, চলতি অর্থ বছরে ২০ হাজার মুরগীর বাচ্চা লালন পালন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কত টাকা বাজেট পাওয়া যাবে তার উপর নির্ভর করে লক্ষ্যমাত্রা।