রাবি ক্যাম্পাস শীঘ্রই খুলছে

শীঘ্রই খুলতে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্যাম্পাস খুলে দেয়া হতে পারে বলে জানা গেছে। ক্যাম্পাস খুলে দেয়ার বিষয়ে গত কয়েকদিন যাবত্ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পক্ষের সাথে আলোচনাও করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের প্রধান, হল প্রাধ্যক্ষ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে ক্যাম্পাস খোলার বিষয়ে উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে সিনেট ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষগণ অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতি ও সৃষ্ট সেশন জট কমানোর নিরসনের প্রতি গুরুত্ব আরোপ করে কিছু পরামর্শ দেন। তারা অনির্ধারিত বন্ধের কারণে সৃষ্ট সেশন জট নিরসনে প্রয়োজন হলে নির্ধারিত রুটিনের বাইরেও অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনে আগামী গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করারও পরামর্শ দেন বলে জানা গেছে।