গোদাগাড়ীর নির্বাচনে প্রচার প্রচারণায় বিদ্রোহীরা এগিয়ে

রাজশাহী গোদাগাড়ী উপজেলার সর্বত্র প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। আর প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান ও হাট-বাজারে আলোচনায় থাকছে ভোটাররা। প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করলেও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেয়ার কথা বলেন ভোটাররা। গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অধ্যাপক এ,কে,এম আসাদুজ্জামান (মোটরসাইকেল প্রতীকে) সমর্থন জানালেও বিদ্রোহী হিসেবে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম আতাউর রহমান খান (ঘড়ি প্রতীক), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক (আনারস প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি-জামায়াত যৌথভাবে উপজেলা বিএনপি সভাপতি ইসাহাক আলী (দোয়াত-কলম প্রতীকে) সমর্থন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আরেকাংশের সাধারণ সম্পাদক হযরত আলী নির্বাচনে দাঁড়িয়েছে। এছাড়াও স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে গোদাগাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর এ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস (টুপি প্রতীক) অংশ নিচ্ছে। তবে প্রচার-প্রচারণায় বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছে।