প্রার্থী নেই তবুও চিংড়ি প্রতীকে ৪ হাজার ৩শ’ ভোট
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৫৬
২৭ ফেব্রুয়ারি ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিল ৫ জন। এর মধ্যে প্রার্থী ছিল ১৯ দলীয় জোট উপজেলা বিএনপি সভাপতি শাহ্ মোঃ শামিম হোসেন চৌধুরীর প্রতীক টেলিফোন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশা’র প্রতীক মোটর সাইকেল। বিএনপির বিদ্রোহী প্রার্থী খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের উপজেলা সভাপতি মাসুদুর রহমানের মার্কা কাপ-পিরিচ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরীর মার্কা আনারস ও সাম্যবাদী দলের মনোনীত প্রার্থী আশরাফউদ্দিনের মার্কা ছিল ঘোড়া। ব্যালট পেপারে মোটর সাইকেল প্রতীকের নিচে ছিল চিংড়ি মাছ প্রতীক। সরেজমিনে ঘুরে ভোটারদের নিকট জানা গেছে মোটর সাইকেল প্রতীক ও চিংড়ি মাছ প্রতীক প্রায় একই রকম হওয়ায় অনেক ভোটার মোটর সাইকেল মনে করে চিংড়ি মাছ প্রতীকে সীল মেরেছে। এ অভিযোগ এখন উপজেলার সর্বত্র এক আলোচিত বিষয় হয়ে উঠেছে। এতে করে প্রার্থী না থাকলেও চিংড়ি মাছ প্রতীকে ভোট পড়েছে ৪ হাজার ৩শ’। এ তথ্য সংগ্রহ করেছে চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্র ওয়ারী থেকে। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, এসব ভোট বাতিল ভোটের মধ্যে গণ্য করা হয়েছে। চিংড়ি মাছের প্রতীকে ঠিক কতটি ভোট পড়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।