পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত সাত

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন নিহত ও পিকনিকগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। টঙ্গীতে গার্মেন্টস কর্মী নিহত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডে যাত্রিবাহী বাসের চাপায় গতকাল রবিবার খলিলুর রহমান (৪৮) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের হাইমচর এলাকার উত্তর বরগুনা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় খলিলুর রহমান তার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পথচারীরা টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। শিবগঞ্জে স্কুল ছাত্র নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুরে ট্রলির ধাক্কায় সাগর চন্দ্র (১০) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে শ্যামপুর সাহাপাড়ার ভুলু চন্দ্রশীলের ছেলে ও ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। বাহুবলে দুইজন নিহত হবিগঞ্জের বাহুবল উপজেলার চারিগাঁও এলাকায় গত শনিবার দুপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আবু জাহের ও রানু চন্দ্র রায়। ইসলামপুরে নিহত এক জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় গত শনিবার সকালে আলম (৪০) নামে এক ইটভাটা শ্রমিক মারা গেছেন। মেলান্দহ হতে নিজ বাড়ি ইসলামপুরে অটোরিকশাযোগে আসার পথে পৌর গেটে গায়ের চাদর চাকার সাথে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত দিনাজপুর শহরে গত শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩২) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত কামরুল রংপুর জেলার গঙ্গাচড়া থানার হারাগাছ গ্রামের তোবারকউল্লার পুত্র। নান্দাইলে নিহত এক ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চন্ডীপাশা নতুনবাজার এলাকায় ব্যাটারি চালিত অটোবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সে গুরুতর আহত হয়। চট্টগ্রাম নৌবাহিনী স্কুলের ২৫ শিক্ষার্থী আহত চট্টগ্রাম কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় গত শনিবার সকালে নৌবাহিনী স্কুলের পিকনিকগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্র, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালসহ স্থানীয় হাসপাতালগুলোতে চিকিত্সা দেয়া হয়েছে।