জেলা প্রশাসক, টাঙ্গাইল বরাবর একটি আবেদন

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বীরতারা ইউনিয়নের বালাসুতি গ্রামটি নির্মল অক্সিজেনের যোগানদাতা ছিল। বিপত্তি ঘটে ২০১৬ সালের শেষের দিকে। এখানকার রাজারহাটে বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও চিলড্রেনস প্যারাডাইজ স্কুলের ধারেকাছেই একটি ইটভাটা স্থাপন করা হয়। যার ইটপোড়া ধোঁয়া প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সবাইকে অবগাহন করতে হয়। সেইসঙ্গে যোগ হয়েছে প্রতিনিয়ত ইট আনা-নেওয়ার কারণে ধুলো। ভাটার আশেপাশের বড় একটা জায়গাজুড়ে যে সবুজের সমারোহ ছিল, তাতে ধুলো আর ছাইয়ে ধূসরিত। আমরা উন্নয়ন চাই আমাদের গ্রামের। কিন্তু এমন উন্নয়ন কে চায়! যেটা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আমরা টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি— আমাদের গ্রামের জন্য হুমকিস্বরূপ ঐ ইটভাটাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক।

মো. শাহীদুল ইসলাম শাহীন

নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়