আড়ানীতে সড়ক দখল করে হাট

পুঠিয়া-নাটোর মহাসড়কে বাঘা উপজেলার আড়ানী হাটটি বসছে সড়ক দখল করে। ৫ মিনিটের রাস্তা এ হাটের কারণে পার হতে সময় লাগে এক ঘণ্টা। জায়গা স্বল্পতার কারণে হাটের মধ্য দিয়ে বয়ে চলা সড়ক দখল করে ব্যবসায়ীরা তাদের পসরা সাজান। এতে ভারি কোন যানবাহন এলে যানজটের সৃষ্টি হয়। আড়ানী বাজারের ব্যবসায়ী আবু সাঈদ জানান, প্রতি বছর এ হাট থেকে যে পরিমাণ রাজস্ব পায় পৌর কর্তৃপক্ষ সে পরিমাণ উন্নয়ন হয় না। তিনি এ হাটের মাঝের রাস্তা পরিষ্কার করাসহ হাটের জায়গা বাড়ানোর দাবি জানান। এ প্রসঙ্গে আড়ানী পৌর মেয়র নজরুল ইসলাম জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে জানান, লোকসংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে এ হাটে ব্যবসায়ীদের জায়গা দেয়া সম্ভব হচ্ছে না।