গলাচিপায় যৌতুকের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২১:৫৮
যৌতুকের কারণে গলাচিপার বকুলবাড়িয়া এলাকার দুই সন্তানের জননী গৃহবধূ সালমা বেগমকে(৩৫) কুপিয়ে হত্যা করেছে তার স্বামী বেল্লাল মেলকার। শনিবার আশংকাজনক অবস্থায় সালমাকে গলাচিপা থেকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তির পর গতকাল রবিবার তার মৃত্যু হয়। নিহত সালমা বেগম দশমিনা উপজেলার রামবল্লভপুর গ্রামের মোতাহার সর্দারের মেয়ে। তার ২টি কন্যাসন্তান রয়েছে। এব্যাপারে পটুয়াখালী সদর থানায় গতকাল একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ভাই লাল চান সর্দারের বরাতে নিহত সালমার সুরাতহাল রিপোর্ট প্রস্তুতকারী পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদি জানান, ৯ বছর আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া এলাকার কৃষক বেল্লাল মেলকারের সাথে সালমার বিয়ে হয়। এরমধ্যে তাদের সংসারে ২টি কন্যাসন্তান জন্ম নেয়। বিয়ের পর বিভিন্ন সময় সালমাকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়। এনিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠকও হয়। গলাচিপা থানার ওসি শিশির চন্দ্র জানান, লোকমুখে সালমার মৃত্যুর খবর শুনেছি।