সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও অগ্রাধিকার দিচ্ছে :প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তার সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ‘খেলাধুলা শিশুদের ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।’
প্রধানমন্ত্রী গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-২০১৩ এবং ‘চতুর্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-২০১৩-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং একই মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে স্কুল টুর্নামেন্টের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ওপর জোর দিতে হবে। শিশুদের খেলার মানে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা করেন এদের মধ্য থেকে দেশের ভবিষ্যত্ খেলোয়াড় বেরিয়ে আসবে। এর মাধ্যমে জাতি ক্রীড়া ক্ষেত্রে আরো উন্নত হবে বলেও তিনি আস্থা প্রকাশ করেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং নিয়মিত এই ধরনের টুর্নামেন্ট আয়োজনে তার সরকারের সব ধরনের সমর্থন থাকবে বলেও আশ্বস্ত করেন।
পুরস্কার বিতরণের আগে প্রধানমন্ত্রী মাঠে উপস্থিত থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩-এর চূড়ান্ত ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করেন।
শেষ পর্যন্ত কালাসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ ৪-১ গোলে রাঙ্গামাটি কাউখালী উপজেলার মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট-২০১৩ ফাইনাল খেলায় বেড়াডাঙ্গা ছোটপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী টাইব্রেকারে বরিশাল সদর উপজেলার উত্তর কারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে। খেলার মূল সময়ে উভয় দল ১-১ গোলে খেলা শেষ করেছিল।
কালাসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তহুরা বেগম ও বেড়াডাঙ্গা ছোটপীর প্রাথমিক বিদ্যালয়ের শাহীন নিজ নিজ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
গত জুন মাস থেকে এ দুটি টুর্নামেন্ট শুরু হয়। ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-২০১৩-এ সারাদেশ থেকে ৬২ হাজার ২০৭টি টিম এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-২০১৩-এ ৬২ হাজার ২৬১টি টিম অংশগ্রহণ করে।