দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পরিবেশ কিছুটা খারাপ ছিল

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের তুলনায় নির্বাচনী পরিবেশ কিছুটা খারাপ ছিল বলে মন্তব্য করেছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) নেতা অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় লিখিত বক্তব্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলীম বলেন, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, ১৯টি উপজেলার ভোট কেন্দ্রে ১৩১টি সহিংসতার ঘটনা ঘটেছে। ১৮টি উপজেলায় ভোটারদের ১৪১টি ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। সাড়ে আট শতাংশ ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্টরা ভোট গণনা প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন বলে ইডব্লিউজির প্রাথমিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। গতকাল ইডব্লিউজি তাদের ৪১ উপজেলার পর্যবেক্ষণ তথ্য প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গের মাত্র ২৭টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।