বকেয়ার দাবিতে মুদ্রণ শিল্প সমিতির অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:২০
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছে পাওনা ১৫০ কোটি টাকা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। রবিবার সংগঠনটির নেতাকর্মীরা মতিঝিলস্থ এনসিটিবি ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। নেতৃবৃন্দ বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা থাকার পরও ২০১৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক, ইবতেদায়ী ও দাখিলস্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ কাজ আমরা যথাযথভাবে সম্পন্ন করেছি। আর নানা প্রতিকূলতার মধ্যেও সেই বই সকল উপজেলায় পৌঁছে দেয়া হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে বই পেয়েছে।
নেতারা বলেন, মুদ্রণ প্রতিষ্ঠানসমূহ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উত্স থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। সময়মত বিল না পাওয়ার কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানও পাওনা পরিশোধের তাগাদা দিচ্ছে।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনীয়াবাতসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম, প্রাক্তন চেয়ারম্যান রব্বানী জাব্বার প্রমুখ।
আ ফ ম শাহ আলম বলেন, এনসিটিবির চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন আজ সোমবার তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমাদের জানাবেন।