চট্টগ্রামে মৃদুল অপহরণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অনুসন্ধানে কমিটি
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:২২
চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে গঠিত এ কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কমিটির সদস্য চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইলতুিমশ গতকাল রবিবার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। র্যাবের একজন উপ-পরিচালককে এ কমিটিতে রাখা হয়েছে। কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পুরাতন টেলিগ্রাফ রোডে নিজ বাসার সামনে থেকে অপহূত হন স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। ঘটনার ৭ দিন পর তাকে ছেড়ে দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি কুমিল্লার বুড়িচং থানাধীন কংসনগর বাজার থেকে মৃদুলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করার পর চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। গত ২০ ফেব্রুয়ারি মৃদুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাকে অপহরণ ও অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন।
মৃদুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা করায় মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মৃদুলের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা।