শেরপুরে দুদকের মামলায় তিন ইউপি চেয়ারম্যান কারাগারে
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:২৩
গতকাল রবিবার শেরপুর আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে ঝিনাইগাতির তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেন। এরা হলেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবদীন খান, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান শাফি উদ্দিন।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামসহ (বাদশা) সাত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ ইউপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ১০০ টন গম আত্মসাতের অভিযোগে গত বছর মামলা দায়ের করেন। মামলায় হাইকোর্ট থেকে ইউপি চেয়ারম্যানরা অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এসেছিলেন। বর্তমানে তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে।