আমরণ অনশনে প্রাইমারি শিক্ষক পদে পুলভুক্তরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন পুলভুক্ত প্রার্থীরা। তবে বিকাল পাঁচটার পর শহীদ মিনারে কর্মসূচি অব্যাহত রাখার অনুমতি না পাওয়ায় আজ সোমবার থেকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনশন কর্মসূচি পালন করা হবে। আন্দোলনরতরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই লাগাতার অনশন কর্মসূচির ঘোষণা দেন পুলভুক্ত শিক্ষক প্রার্থীরা। লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুন নাহার। এ সময় বিভিন্ন জেলা থেকে আসা পুলভুক্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও আমরা নিয়োগ পাইনি। এর আগে আমরা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছি। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। ফলে বাধ্য হয়েই আমাদের আন্দোলনে নামতে হচ্ছে।’ এরপর দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু হয়। বিকাল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন পুলভুক্ত শিক্ষক প্রার্থীরা। প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০১২ সালের ১৪ আগষ্ট। এতে ২৭ হাজার ৭২৩ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করে ১২ হাজার ৭০৪ জনকে ওই বছর সেপ্টেম্বর মাসে সরাসরি নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে নিয়ে ‘শিক্ষক পুল’ গঠন করা হয়। কিন্তু আজ পর্যন্ত ওই শিক্ষকদের নিয়োগ দেয়া হয়নি।