আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের আজ ৩য় দিন
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:৪৯
চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের গতকাল রবিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান রাজধানীর দুইটি স্থানে প্রদর্শিত হয়। শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৬ টি দেশের মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
আজ সোমবার, ৩ মার্চ উত্সবের তৃতীয় দিনে ঢাকার ৩টি স্থান- শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ধানমন্ডি ও উত্তরায় আলিয়ঁস ফ্রঁসেস-এ ১০টি দেশের ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে বেলা ১১টায় থাকছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জোছনাময়ী তুমি, এন্ড অব লাইন, রেভোল্যুশন, দ্যা কোইনসিডেন্স, লস্ট ইন দ্যা পাস্ট এবং মিশরীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র হু এম আই, অনি, ডিকটেটরশিপ স্টোরি ও এপরিহেনশন। দুপুর ২টায় প্রদর্শিত হবে লোঁ পেতিঁ ব¬ঁ¬ঁ (ফ্রান্স) এবং মাই রানিং শ্যাডো (চীন)। বিকাল ৪টায় থাকছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র রিয়েলিটি, মানিব্যাগ, তোমার জন্য, পেপারস ড্রিম, লাভ উইথআউট সাইট, জাদুর কাঠি এবং ম্যাক্রোপোলিস (যুক্তরাজ্য), ভিগিয়া, নোসেস দেকাইলিস (ফ্রান্স), কৌসাস দে মেইগাস (স্পেন), ফ্ল্যাপার এন্ড ফ্রেন্ডস (পোল্যান্ড), মাদার কুইন (গ্রিস)। সন্ধ্যা ৬টায় দিনের সর্বশেষ প্রদর্শনীতে থাকছে ফ্রেঞ্চ চলচ্চিত্র ফাইভ কোর্টস মেটরেজেস এবং বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ক্ষুদে সৈনিক, হু উই আর, স্মাইলিস লাইফ ইন স্মাইলি, সাদা কালো, আঁধার বন্দী, দ্যা চেয়ার, ইনএনিমেট ওয়ার্ল্ড ও রতন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার বেলা ১১টায় প্রদর্শিত হবে ইন্দোনেশিয়ার চলচ্চিত্র গরুড় দি দাদাকু। দুপুর ১ টায় থাকবে নেদারল্যান্ডসের এনোর এন্ড দ্যা মুন এবং চীনের দ্যা ড্রিমস অব জিনশা। বেলা ৩ টায় সেপনের আরকোনাদা প্রদর্শিত হবে। আর বিকাল ৫ টায় থাকবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বি হিউম্যান, বি ব¬াইন্ড, টেক মি হোম, এন আইডিয়া এবং ফিনল্যান্ডের চলচ্চিত্র শ্যালপা।
বাংলাদেশ পথনাটক উত্সব : ‘পথনাটকেই লড়াই আমার/অসাম্প্রদায়িক দেশ গড়ার’ স্লোগানে শনিবার শুরু হয়েছে বাংলাদেশ পথনাটক উত্সব। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত এ উত্সবের দ্বিতীয় দিন ছিল রবিবার। বিকাল চারটার পর থেকে শুরু হয় এদিনের পরিবেশনা। দ্বিতীয় দিনে পরিবেশিত হয় ছয়টি পথনাটক। মনিরুল হোসেন শিপনের নির্দেশনায় সুবচন নাট্য সংসদ পরিবেশন করে মৃত্যুর খেলা। সাঈদ রহমানের নির্দেশনায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল পরিবেশিত নাটকের শিরোনাম ছিল স্বাধীনতা তুমি ফিরে এসো। এশা ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার পরিবেশন করে স্পার্টাকাস। নাট্যপুরাণ পরিবেশন করে প্রবীর দত্ত নির্দেশিত নাটক স্বর্ণলতা। শাহজাহান শোভনের নির্দেশনায় গাজীপুরের নাট্যভূমি উপস্থাপন করে স্বাধীনতার সংলাপ। শাহরিয়ার আল মামুনের নির্দেশনায় কালের উচ্চারণ পরিবেশন করে রাজার খেয়াল।
শিল্পী যোগেন চৌধুরীর বক্তৃতানুষ্ঠান : চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’ উদ্যোগে বিশিষ্ট ভারতীয় চিত্রশিল্পী যোগেন চৌধুরীর বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শিল্পী তার শিল্পের ভুবন সম্পর্কে বক্তৃতা করেন। অনুষ্ঠানে খ্যাতনামা শিল্প সমালোচক অরুন ঘোষ, বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এবং ‘শিল্প ও শিল্পী’ সম্পাদক আবুল হাসনাত বক্তব্য রাখেন।
যোগেন চৌধুরীর বক্তৃতায় তার সৃজনে দীর্ঘদিনের নানা অনুষঙ্গ, জীবন সংগ্রাম ও উত্কর্ষের জন্য তার প্রেরণার কথা উঠে আসে। এ প্রসঙ্গ আলোচনাকালে সমকালীন জীবন ও অঙ্গীকারের প্রসঙ্গও আলোচিত হয়।