নির্বাচনে সহিংসতার তথ্য নেই ইসিতে!

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতা হলেও সে সম্পর্কে কোন তথ্য নেই নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচনে বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের অভাবে কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। তাই বাধ্য হয়ে এবার সাংবাদিকদের কাছে উপজেলা নির্বাচনে অনিয়মের তথ্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সিইসি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন হয়েছে। নির্ভরযোগ্য তথ্য না থাকায় অনিয়ম ও সহিংসতার বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারেননি। তাই আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের দিন। আমরা যাচাই করে ব্যবস্থা নেব। তিনি বলেন, যেসব ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পেয়েছি সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। যেসব তথ্য গণমাধ্যমে এসেছে তা দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। সহিংসতার কারণে আমরা একটা উপজেলাসহ অনেকগুলো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দিয়েছি। কোন কোন কেন্দ্রে মোট ভোটারের চেয়েও বেশি ভোট কাস্ট হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, একশ’ পার্সেন্টের উপরে ভোট গ্রহণ বড় সাংঘাতিক ব্যাপার। এরকম সেন্টারের তথ্য দিলে আমরা যাচাই করে দেখব। টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, টাঙ্গাইল-৮ আসনের আপিল শুনানি হয়েছে। এটা আইনের বিষয়। আইন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সাতদিন আগে ঋণ পরিশোধ করতে হয়। পরে কি হল তা দেখার বিষয় না। তাই এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তারা এখন উচ্চ আদালতে যেতে পারে। সেইক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আসবে তা আমরা মানতে বাধ্য। উল্লেখ্য, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিশেষ করে ব্যালট ছিনতাই, জাল ভোট হয় বিভিন্ন কেন্দ্রে।