আজ সোনাতলা ও উল্লাপাড়ার স্থগিত সাত কেন্দ্রে ভোট
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২২:৫১
বগুড়ার সোনাতলা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে গত ১৯ ফেব্রুয়ারি স্থগিত হওয়া সাতটি কেন্দ্রে আজ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার দুপুরের পরেই উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে। ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন গোলযোগের কারণে গত মাসে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই দুই উপজেলার সাতটি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে সোনাতলায় পাঁচটি ও উল্লাপাড়ায় দুইটি কেন্দ্র রয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলার ৪৯টি কেন্দ্রের মধ্যে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, নওদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়ালকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্পুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ আটকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ এই ৫টি কেন্দ্রে ১২ হাজার ৭৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শুধু ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাইস চেয়াম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হলেও চেয়ারম্যান পদে বিজয়ী নির্ধারণ করতে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হচ্ছে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ও নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয়। ওই দুটি কেন্দ্রে ৭ হাজার ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৯ ফেব্রুয়ারি ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে ওই দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
উল্লাপাড়ায় ১শ’ ১৯টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মারুফ-বিন-হাবিব ৮৫ হাজার ৩১০ ভোট পান এবং বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক পান ৮২ হাজার ৬১৯ ভোট।