ক্ষমতায় টিকে থাকতে সরকার গোটা জাতিকে জিম্মি করেছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের তুলে নিয়ে অথবা ক্রসফায়ার দিয়ে হত্যা করছে সরকার। এ সরকার ক্ষমতায় টিকে থাকতে গোটা জাতিকে জিম্মি করেছে। তিনি বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, খুন-গুম, ক্রসফায়ারের নামে হত্যা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহবান জানান। মির্জা ফখরুল বলেন, বিরোধীদলের আন্দোলন ব্যর্থ হয়নি, আন্দোলন সফল। ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোট সরকার ১৯ দলীয় জোট থেকে কাউকে তাদের দলে ভিড়াতে পারেনি। আজ সারাদেশে যে আন্দোলন চলছে তা বিএনপিকে ক্ষমতায় আনা কিংবা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার আন্দোলন নয় উল্লেখ করে ফখরুল বলেন, এই আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনীতিকে টিকিয়ে রাখার আন্দোলন। মির্জা আলমগীর বলেন, শত চেষ্টা করেও সরকার উপজেলা নির্বাচনের ফল তাদের পক্ষে নিতে পারেনি। জনগণ তাদের বর্জন করেছে। বিএনপির আন্দোলনের সফলতা এখানেই। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।